নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি চৌকস আভিযানিক দল শহরের নীলগঞ্জ ও ঝুমঝুমপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ওত পেতে থেকে তাদের আটক করে।
উদ্ধারকৃত ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কার, ৫টি মোবাইল ও নগদ টাকাসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন—যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬), শার্শার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬) এবং চৌগাছার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসাকের ছেলে আব্দুল গনি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজের ওপর একটি সন্দেহভাজন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির সিটের মাথার বালিশের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল এবং নগদ ৭,৩২৭ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি আভিযানিক তৎপরতা জোরদার করেছে। তিনি বলেন, "সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।"
আটককৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।