ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
মজুত জ্বালানি তেল উদ্ধার ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনবসতি এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে এক ব্যক্তিকে বড় অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে ৮০০ লিটার ডিজেল জব্দসহ ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে মাটিকুমড়া গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তার বাড়ির ভেতর থেকে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৪টি বড় ড্রাম ভর্তি ডিজেল উদ্ধার করা হয়। মজুতকৃত তেলের স্বপক্ষে তিনি কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন , তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে পর্যায়ক্রমে এসব তেল সংগ্রহ করে মজুত করেছিলেন। অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায় দেন।
অভিযান শেষে জব্দকৃত ৮০০ লিটার ডিজেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দিয়েছে যে, জব্দকৃত এই তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করতে হবে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া পুরো প্রক্রিয়ার একটি বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ গণমাধ্যমকে বলেন, জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্য অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা জনমনে আতঙ্ক ছড়ানোর কোনো সুযোগ নেই। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।