Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এমডি পরিচয়ে ভুয়া অর্ডার, মাল সরানোর দেড় মাস পর দম্পতি আটক

❒ নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৫:৫৪ পিএম
এমডি পরিচয়ে ভুয়া অর্ডার, মাল সরানোর দেড় মাস পর দম্পতি আটক

ছবি: ধ্রুব নিউজ

গত ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্যর হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি নিজেকে ঢাকার মহাখালীর প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দেন। পরে ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল অর্ডার করেন। ২৩ অক্টোবর মালামালগুলো যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু শানতলা পেপসি গেট এলাকায় প্যারাগন ফিডের কর্মচারী পরিচয়ে প্রতারক চক্রটি ট্রাক থেকে মালামাল নামিয়ে নছিমনে করে অন্যত্র সরিয়ে নেয়।

প্রায় দেড় মাস আগের সেই প্রতারণা ও মালামাল আত্মসাতের ঘটনায় অবশেষে এক দম্পতিকে আটক করেছে সাইবার ইনভেস্টিগেশন টিম যশোর। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে লাখ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে তাদের আটক করা হয়। খুলনা ও যশোরে আলাদা অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আটকরা হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরকার এবং তার স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার চান সরদারের মেয়ে নীলা খাতুন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক খালেকের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণাসহ পাঁচটি এবং নীলার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

সাইবার ইনভেস্টিগেশন টিমের এসআই দেবব্রত ঘোষ জানান, ওই ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায়, প্যারাগন ফিডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন অথবা তার পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে ওই ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়েছিল। শীর্ষ পর্যায়ের কর্মকর্তার নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে বিশ্বাস অর্জন করার পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই কৌশলে মাল নামিয়ে নেওয়া হয়, যাতে আসল প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে টের না পান। ফতেপুরের রাজিবুল হক তূর্যর সঙ্গে যোগাযোগের মাধ্যমে শুরু হওয়া ওই লেনদেন এবং ট্রাকের গতিপথ অনুসরণ করে শেষ পর্যন্ত শানতলা পেপসি গেট এলাকা থেকে মালামাল সরিয়ে নেওয়ার ঘটনাটি সামনে আসে।

একইভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মেসার্স আর এন ইন্টারন্যাশনালের মালিক সুরেশ কুমার আগরওয়ালের কাছে কাজী ফার্মের পরিচালক পরিচয়ে ৭৫ মেট্রিক টন গমের অর্ডার দেয় চক্রটি। বিভিন্ন স্থান থেকে মালামাল ডেলিভারি নেওয়ার পাশাপাশি দ্রুত বিল পরিশোধের কথা বলে টাকা নেয় তারা। সব মিলিয়ে ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বকেয়া রাখে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় সন্দেহ হলে সুরেশ কুমার কাজী ফার্মের শানতলা অফিসে গিয়ে জানতে পারেন, প্রতারকদের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই।

এসব ঘটনায় দুটি মামলা হয়। তিনটি মামলার মধ্যে ফতেপুরের রাজিবুল হক তূর্যর দায়ের করা মামলায় খালেক সরকার ও নীলা খাতুন উভয়কে এবং অপর দুটি মামলায় শুধু নীলা খাতুনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)