নিজস্ব প্রতিবেদক
হামলায় গুরুতর জখম হৃদয় ও তার পিতা আসাদুল ইসলাম । ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় উপজেলার পানিসারা ইউনিয়নের হারিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—হৃদয় (২৫) ও তার পিতা আসাদুল ইসলাম (৫০)। তারা ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে হাড়িয়া গ্রামের টাইগার (৪৫) ও সাব্বির (২৫)-এর নাম জানা গেছে। তাদের সঙ্গে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে হৃদয়ের মাথায় এলোপাতাড়ি কোপ দেয়, এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। অন্যদিকে, তার পিতা আসাদুল ইসলামকে হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাত ভেঙে দেয়া হয়। হামলার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতরা গুরুতর আঘাতপ্রাপ্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা অবগত রয়েছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে পানিসারা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
ধ্রুব/এস.আই