Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ব্যবসায়ীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানোর’ অভিযোগ: সিসিটিভি ফুটেজ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল,২০২৬, ০৯:৪০ পিএম
যশোরে ব্যবসায়ীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানোর’ অভিযোগ: সিসিটিভি ফুটেজ ভাইরাল

অস্ত্র রেখে পুলিশকে ফোন করছে সোর্স ছবি: সিসি ফুটেজ থেকে নেয়া

যশোর শহরের এমকে রোডস্থ সন্ধানী সুপার মার্কেটের একটি ইলেকট্রনিক্স দোকানে ডিবি পুলিশের সোর্স দিয়ে পিস্তল ও গুলি রেখে এক ব্যবসায়ীকে ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে। আলোচিত এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দোকান মালিক আলী হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে সোর্সের মাধ্যমে অস্ত্র রাখার দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটের ‘তন্নী ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার’ নামক দোকানে এই ঘটনা ঘটে। আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ঘটনার পরপরই ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি টিম ওই দোকানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিক আটক করা হয়।

তবে আটকের কিছুক্ষণের মধ্যেই সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডিবি পুলিশের এক সোর্স কৌশলে দোকানের ভেতরে একটি প্যাকেট রেখে বেরিয়ে যাচ্ছেন এবং এর পরপরই এসআই অলোক কুমার দে দলবল নিয়ে দোকানে ঢুকে তল্লাশি শুরু করেন।

এই ঘটনায় যশোরের ব্যবসায়ীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। সন্ধ্যায় যশোর জেলা ইলেকট্রনিক্স ও মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল সিকদার এবং সাধারণ সম্পাদক আদনান রহমান ডলারের নেতৃত্বে অর্ধশত ব্যবসায়ী জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা সিসিটিভি ফুটেজ সরবরাহ করে নির্দোষ ব্যবসায়ীর মুক্তি এবং জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাধারণ সম্পাদক আদনান রহমান ডলার বলেন, ‘আলী হোসেন সম্পূর্ণ নির্দোষ। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। একজন নিরীহ ব্যবসায়ীকে এভাবে পুলিশের মাধ্যমে ফাঁসানো মারাত্মক অপরাধ।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন এবং আমরা তা গুরুত্বের সাথে পর্যালোচনা করছি। বিষয়টি তদন্তের জন্য একজন উর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে ব্যবসায়ী নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া এই ষড়যন্ত্রের সাথে পুলিশের কেউ বা অন্য যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাত পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ফুটেজ যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)