নিজস্ব প্রতিবেদক
মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে যশোরে নিষিদ্ধ যুবলীগের বহিষ্কৃত নেতা মাজহারুল ইসলাম খোকাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের রামকৃষ্ণপুর গ্রামের সামছুল হকের ছেলে সেলিম রেজা এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মাজহারুল ইসলাম খোকা, বাহাদুরপুর গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রহিম ও তার মেয়ে আকলিমা বেগম সীমা, একই গ্রামের রোকন ও পাঁচবাড়িয়া গ্রামের ইনতাজ আলীর ছেলে তাজ উদ্দীন আহমেদ মুক্তি।
মামলার অভিযোগে জানা গেছে, সেলিম রেজা ঢাকার পুরানো পল্টনের তসলিম এন্টারপ্রাইজ নামে একটি রিক্রুট এজেন্সিতে চাকরি করেন। আসামি আকলিমা বেগম সীমা ও তার পিতা আব্দুর রহিম দুবাই যাওয়ার জন্য তার সাথে যোগাযোগ করেন। ২০২৪ সালের ১৩ এপ্রিল সেলিম রেজা সৌদি এয়ারওয়েজের টিকিট সংগ্রহের জন্য আসামি আকলিমা বেগম সীমার পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিলে ঠিকানার গড়মিল ও হত্যা মামলার আসামি হওয়ায় পাসপোর্ট জব্দ করে কতৃপক্ষ। বিষয়টি আসামি আকলিমাকে জানিয়ে পাওনা ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করেন সেলিম রেজা।
ওই বছরের ১৮ মে আকলিমা বেগম পাওনাদার সেলিম রেজাকে টাকা দেয়ার কথা বলে জনৈক মান্নানের দোকানের সামনে আসতে বলেন। সেলিম রেজা সেখানে পৌঁছালে আসামি তাকে বেদম মারপিট ও কাছে থাকা টাকা কেড়ে নেন। সংবাদ পেয়ে পরিবারের লোকজন আসালে তাদেরও মারপিট করে স্থানীয় স্থানীয় স্কুল মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করে নেন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সেলিম রেজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পর আসামিদের ভয়ে মামলা করতে পারেননি সেলিম রেজা। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।
ধ্রুব/এস.আই