নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে যশোর সংস্কৃতি কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী 'জুলাই উৎসব'। 'লাল জুলাইয়ের সেই উত্তাল দিন, রক্তে নাচুক ঢেউ, বাজাও সে বীণ' স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ উৎসবে রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, ডকুমেন্টারি প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক।
আজ বুধবার (১২ আগস্ট, ২০২৬) বিকেল ৪:৩০ মিনিটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে উৎসবের সূচনা হবে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জুলাই শহীদ আব্দুল্লাহর গর্বিত পিতা মো: আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর সংস্কৃতিক কেন্দ্রের প্রধান উপদেষ্টা মো: গোলাম রসুল ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর সংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা।
উদ্বোধনী আয়োজনের পর বিকেল ৫:০০ টায় উদ্বোধন ও আলোচনা সভা, বিকেল ৬:১৫ মিনিটে পুরস্কার বিতরণী এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮:০০ টায় মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘রক্তে যখন আগুন’।
আয়োজকরা জানান, উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪:৩০ মিনিটে ডকুমেন্টারি প্রদর্শন এবং বিকেল ৫:৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।
পরবর্তী অনুষ্ঠানসূচিতে সন্ধ্যা ৬:১৫ মিনিটে অনুষ্ঠিত হবে স্মারক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ, যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। প্রধান আলোচক হিসেবে থাকবেন কবি, সমাজচিন্তক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক সাইফুল আরেফীন। এতেও সভাপতিত্ব করবেন যশোর সংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা।
দ্বিতীয় দিনের সমাপনী অংশে সন্ধ্যা ৭:১৫ মিনিটে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮:০০ টায় মঞ্চস্থ হবে নাটক ‘লাল জুলাই’।
যশোর সংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাড. গাজী এনামুল হক এমপি এবং সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ জনগণকে স্ববান্ধব ও সপরিবারে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।