Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জড়তাহীন কণ্ঠশিল্পের উন্মুক্ত প্রকাশে যশোরে আলপনার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৭:৫১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১১:৫৭ এ এম
জড়তাহীন কণ্ঠশিল্পের উন্মুক্ত প্রকাশে যশোরে আলপনার আত্মপ্রকাশ

মেধা ও যুক্তির নতুন বাতাবরণ তৈরি করতে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন 'আলপনা ডিবেট ফেডারেশন'। ছবি: ধ্রুব নিউজ

সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত যশোরে মেধা ও যুক্তির নতুন বাতাবরণ তৈরি করতে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন 'আলপনা ডিবেট ফেডারেশন'। একঝাঁক স্বপ্নবাজ তরুণ ও বিতর্কপ্রেমী শিক্ষকের দীর্ঘদিনের প্রচেষ্টায় ‘জড়তাহীন কণ্ঠশিল্পের উন্মুক্ত প্রকাশে আলপনা’—এই নান্দনিক স্লোগানকে  ধারণ করে আজ শুক্রবার শহরের বিমান অফিস মোড়স্থ নিজস্ব কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে সংগঠনটির পথচলা শুরু হয়।

ফিতা কেটে এই নতুন স্বপ্নের দ্বার উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক (যুগ্মসচিব) মো. হুসাইন শওকত।

তিনি বলেন, কেবল বিতর্ক নয়; বরং উপস্থাপনা ও উপস্থিত বক্তৃতায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে একঝাঁক উদ্যমী তরুণ ও বিতর্কপ্রেমী শিক্ষকের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ পেল।

আয়োজকরা জানান, এই প্ল্যাটফর্মটি মূলত আগামীর নেতৃত্ব তৈরিতে একটি মেধাভিত্তিক পাঠশালা হিসেবে কাজ করবে।

উদ্বোধনী এই আয়োজনে সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রাক্তন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বিতার্কিকদের দিকনির্দেশনা দেন যবিপ্রবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন, একই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. শোয়াইব হোসেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. এস এম তাজউদ্দিন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ বর্মণ, রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুজ্জামান মিলন, জে সি বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয় এবং বিতর্ক অনুরাগী সুমন হোসেন জিনো।

প্রধান অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক (যুগ্মসচিব) মোঃ হুসাইন শওকত বলেন, "যশোর চিরকালই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উর্বর প্রান্তর। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা ও বাকপটুতার কোনো বিকল্প নেই।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, আলপনা ডিবেট ফেডারেশনের এই উদ্যোগ অচিরেই যশোরকে জাতীয় পর্যায়ে বিতর্কচর্চার অন্যতম রোল মডেলে পরিণত করবে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলপনা ডিবেট ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি মাহফুজ কবির আরকান ও সাধারণ সম্পাদক জান্নাত নূর। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তাহমিজুল শাফিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলীল, নির্বাহী সদস্য সাবিকুন্নাহার সিনহা, রিসালাত, ওয়ালিদ হাসান, মুশফিক জিসানসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)