নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার আয়োজনে ‘চেতনায় নজরুল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক ডক্টর মহিউদ্দীন মোহাম্মদ। ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার আয়োজনে ‘চেতনায় নজরুল’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লেখক শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কথা সাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার সভাপতি জি. এম. আব্দুল আলীম। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় ‘কাজী নজরুল ইসলামের সাম্যভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক ডক্টর মহিউদ্দীন মোহাম্মদ।
মূল প্রবন্ধে ডক্টর মহিউদ্দীন মোহাম্মদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশব ও চেতনার উন্মেষ, রাজনৈতিক জীবন, মূল জীবনদর্শন, সাম্যবাদী আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার, নারীর সামাজিক সাম্য ও মর্যাদা, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, অর্থনৈতিক বৈষম্য, জুলাই অভ্যুত্থান এবং বৈষম্যবিরোধী সামাজিক চেতনার নানা দিক বিশদভাবে উপস্থাপন করেন।
আলোচনা সভায় কবি নজরুল ইসলামের জীবনদর্শন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন গবেষক আফজালুল বাসার, রাজনীতিক জাহাঙ্গীর ফিরোজ এবং কবি ও সম্পাদক মামুন আজাদ। সভায় নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন কবি শাহিদুর রহমান।
আলোচকরা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল ‘বিদ্রোহী কবি’ নন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক মহান ব্যক্তিত্ব। তাঁকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বা একক পরিচয়ে আবদ্ধ করা কিংবা কোনো সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা সাম্প্রদায়িক মানসিকতারই রূপ। নজরুল ছিলেন এক অসাম্প্রদায়িক কবি ও চেতনার রূপকার। তিনি যেমন ইসলামী মূল্যবোধ ও মুসলমানদের জন্য গজল রচনা করেছেন, তেমনি হিন্দু সম্প্রদায়ের জন্য রচনা করেছেন মনমুগ্ধকর শ্যামাসঙ্গীত। জাতীয় জীবনের যে কোনো সংকট, বৈষম্য প্রতিরোধ ও অধিকার আদায়ের সংগ্রামে নজরুল আজও আমাদের মাঝে সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, কবি, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।