আদালত চত্বরে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে ছবি: সংগৃহীত
আদালতে ভাঙচুরের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তারের পর আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করছে।
বুধবার বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতির ভবনে ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারকের অনুমতিতে তাকে আদালতের খানায় রাখা হয়েছে।
বিএনপিপন্থী আইনজীবীরা গারদখানা ঘিরে বিক্ষোভ করছেন। তাকে কারাগারে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। এ ঘটনায় আদালতে বিচারিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর র্যাব ও পুলিশ সদস্যরা বুধবার বেলা ১২টায় আদালত পাড়ায় প্রবেশ করেন। তারা সরাসরি আইনজীবী সমিতি ভবনের দোতালায় সভাপতির কক্ষে যান। তাকে গ্রেপ্তার করে অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর নিয়ে যাওয়া হয় আদালতের গারদ খানায়।
আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আইনজীবীরা প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন। পরে সংঘটিত হওয়া শুরু করেন। বিএনপিপন্থী আইনজীবীদের সহকারীরা বিক্ষোভে যোগ দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা দেড়টা) বিক্ষোভ চলছে। লিংকনকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নির্দেশের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মামুনুল হক।
এদিকে বেলা ১টায় আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আদালতের এজলাসে হামলার ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। হামলার প্রতিবাদে বরিশাল আদালতে কোনো কার্যক্রম হয়নি।