নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামে এক প্রতিবেশীর বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মৃত সনো ব্যাপারীর মেয়ে রিনি বেগম বাদী হয়ে এই মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন— জঙ্গলবাধাল গ্রামের সিরাজুল ইসলাম, তার তিন ছেলে মিন্টু, ইকবাল হোসেন ও ইলিয়াস হোসেন ডাবলু, ঘোপেরডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে অনু।
মামলার অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রিনি বেগমের জমি দখলের জন্য বিভিন্ন ধরনের কুচক্র ও ষড়যন্ত্র করে আসছিলেন আসামি সিরাজুল ইসলাম ও তার ছেলেরা। জমি দখলে ব্যর্থ হয়ে একপর্যায়ে সিরাজুল ইসলাম ওই জমি তাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য রিনি বেগমকে ক্রমাগত চাপ দিতে থাকেন। কিন্তু রিনি বেগম নিজের বসতভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় সিরাজুল ইসলাম ও তার লোকজন ক্ষিপ্ত হন। তারা রিনি বেগম ও তার সন্তানদের উচ্ছেদ করাসহ পেট্রোল ঢেলে বাড়ি পুড়িয়ে ভিটাশূন্য করার হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায়, গত ১৫ মে রাত ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিনি বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির লোকজনকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে প্রাণভয়ে নারী ও শিশুরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। এই সুযোগে আসামিরা রিনি বেগমের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ঘরের আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায় এবং পরিবারটি সর্বস্বান্ত হয়।
বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তৎকালীন সময়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও আসামিদের প্রভাবশালী ভূমিকার কারণে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ তা মামলা হিসেবে গ্রহণ না করায় নিরুপায় হয়ে ভুক্তভোগী রিনি বেগম অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন।