❒ ১০ কোটি টাকার চেক ও অঙ্গীকারনামা চুরি মামলা
নিজস্ব প্রতিবেদক
বহুলালোচিত নিলা। ছবি: সংগৃহীত
চেক ও অঙ্গীকার নামা চুরির মামলায় বহুলালোচিত ফারজানা ইয়াসমিন নিলার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ঢাকা বনানীর বাসিন্দা নিলা বরিশাল সদরের বিএম কলেজ রোডের স্বর্গছোয়ার বাসিন্দা এসএম ফরিদ উদ্দীনের মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর উপশহর ডি-ব্লকের বাসিন্দা ব্যবসায়ী আনিসুর রহমান খানের সাথে ঢাকা উত্তরা কুড়িল চৌরাস্তা এলাকার ব্যবসায়ী রায়হান আলী খানের মাধ্যমে নিলার সাথে পরিচয়। এরপর আনিসুরর হমান খান আসামি নিলার সাথে কয়লা আমদানির জন্য ২০২৪ সালের ১১ আগস্ট একটি চুক্তিপত্র করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে ১০ কোটি ৯ লাখ সাড়ে ১২ হাজার টাকা প্রদান করে আসামি নিলাকে।
আসামি নিলার পরামর্শে আনিসুর রহমান কয়লা কেনার উদ্দেশে ইন্দোনেশিয়া চলে যান। আসামি নিলা এলসির কিছু কাগজপত্র পাঠান আনিসুর রহমানের কাছে। এলসির কাগজপত্র যাচাই করে তা ভুয়া বলে তিনি জানতে পারেন আনিসুর। বিষয়টি নিলাকে জানালে তিনি জানান বাংলাদেশ থেকে এলসি করা সম্ভব হচ্ছেনা। তার তার দুবাইয়ে প্রতিষ্ঠান থেকে এলসি করে কয়লা এনে দিবেন বলে জানান। আনিসুর রহমান দুই মাস ইন্দোনেশিয়া অপেক্ষা করে এলসির কাগজ না পেয়ে দেশে ফিরে আসেন। এক পর্যায়ে আসামির সাথে যোগাযোগ করে এক সালিশে টাকা ফেরত চাইলে আসামি নিলা ৪ টি চেক ও একটি অঙ্গীকারনামা করে দেন। ব্যাংকে টাকা না থাকায় গত ১২ ফেব্রুয়ারি আসামিদের ডেকে যশোরের এ টু জেড ট্রেডিং অফিসে আবারও সালিসের আয়োজন করা হয়।
আসামিরা তখন অফিস থেকে কৌশলে চেক ও অঙ্গীকারনামা চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতেনতে ধরা পড়েন। এ ঘটনায় আসনিসুর রহমান খান বাদী হয়ে আসামি নিলাসহ ৯ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেন। অন্য মামলায় আটক নিলাকে তদন্তকারী কর্মকর্তা অনুপ কুমার মন্ডল আদালতের মাধ্যমে এ মামলায় আটক করে গত ১৩ এপ্রিল ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ধ্রুব/এস.আই