Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১১ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পর্তুগালের নতুন কোচ সাবেক আল-নাসর ম্যানেজার জর্জ জেসুস

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ১০:৩৯ পিএম
পর্তুগালের নতুন কোচ সাবেক আল-নাসর ম্যানেজার জর্জ জেসুস

১৯৯০ সালে পর্তুগিজ ক্লাব এমোরার দায়িত্ব নেওয়ার মাধ্যমে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেন জর্জ জেসুস ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কোচ রবার্তো মার্তিনেজের অধীনে শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে তিন গোল করলেও, গুরুত্বপূর্ণ তিন ম্যাচে জালের দেখাই পাননি রোনালদো। বিশেষ করে স্পেনের বিপক্ষে নকআউট ম্যাচে ৪১ বছর বয়সী এই মহাতারকা ছিলেন একেবারেই নিষ্প্রভ।

সেই ব্যর্থতার পর আল-নাসরের সাবেক মাস্টারমাইন্ড জর্জ জেসুসকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। দায়িত্ব নিয়েই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদো কখনোই পর্তুগাল দলের জন্য সমস্যা নন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জেসুসকে কোচ হিসেবে ঘোষণা করার পর সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। সেখানে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এই পর্তুগিজ কোচ। তিনি জানান, রোনালদো যদি ফিট থাকেন এবং খেলার জন্য প্রস্তুত থাকেন, তবে তার পরিকল্পনায় সবসময়ই থাকবেন এই মহাতারকা।

জেসুস বলেন: "ক্রিশ্চিয়ানো কখনোই জাতীয় দলের জন্য সমস্যা হতে পারে না। যতদিন সে খেলবে এবং দলে জায়গা পাওয়ার মতো অবস্থায় থাকবে, ততদিন আমি তাকে দলে ডাকব। তবে অবশ্যই তা জাতীয় দলের স্বার্থ এবং আমার নির্ধারিত কিছু শর্ত ও সীমার মধ্যে।"

তিনি আরও যোগ করেন, এখনো রোনালদোর সাথে তার সরাসরি কথা হয়নি, তবে খুব শিগগিরই তারা দুজনে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবেন। জেসুসের মতে, রোনালদো পর্তুগিজ ফুটবলের প্রতীক এবং জাতীয় দলের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।

জর্জ জেসুস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর রসায়নটা অবশ্য বেশ পুরনো। গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে রোনালদোর কোচ ছিলেন জেসুস। তার অধীনেই সৌদি প্রো লিগের শিরোপা জিতেছিল ক্লাবটি। জেসুসের অধীনে আল-নাসরের জার্সিতে ৩৩ ম্যাচ খেলে ২৯টি গোল করেছিলেন সিআরসেভেন।

জেসুস আল-নাসর ছাড়লেও রোনালদো এখনো সৌদির সেই ক্লাবেই আছেন। এমনকি আল-নাসরেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছার কথা জেসুসকে জানিয়েছিলেন রোনালদো। জেসুস বলেন, "আমি জানি সে আল-নাসরেই খেলতে চায়। সে আমাকে সবসময় বলত, আমি আল-নাসরেই ক্যারিয়ার শেষ করব।"

বিশ্বকাপের পর রোনালদো জানিয়েছিলেন এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। এখন দেখার বিষয়, প্রিয় কোচের অধীনে পর্তুগাল জাতীয় দলে রোনালদোর পরবর্তী অধ্যায় কেমন হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)