ক্রীড়া ডেস্ক
চোট অনুভব করে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন মেসি ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। মহাতারকার এই আকস্মিক ইনজুরিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলবিসেলেস্তে সমর্থকদের।
মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে একটি হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। টানটান উত্তেজনার এই ম্যাচের ৭৩ মিনিটে হঠাৎ করেই অস্বস্তি বোধ করেন মেসি এবং নিজেই তুলে নেওয়ার ইঙ্গিত দেন। এর কিছুক্ষণ পরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছেড়ে টানেলের দিকে যাওয়ার সময় তাকে নিজের পায়ের পেছনের অংশে হাত দিয়ে রাখতে দেখা যায়, যা মূলত হ্যামস্ট্রিং ইনজুরির দিকেই ইঙ্গিত করছে।
যদিও ইন্টার মায়ামি কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনো অফিশিয়ালি তার চোটের গভীরতা নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপের একদম দোড়গোড়ায় মেসির এমন চোট আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ জুন থেকে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। এরপর মূল টুর্নামেন্টে নামার আগে ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের সম্ভবত এটিই শেষ বিশ্বকাপ, তাই তাকে ঘিরে ভক্তদের প্রত্যাশার পারদও আকাশচুম্বী।
চলতি ২০২৫-২৬ মৌসুমে অবশ্য দারুণ ফিট ফর্মে ছিলেন মেসি। মেজর লিগ সকারে মায়ামির হয়ে টানা ১৩টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি।
মেসি মাঠ ছাড়লেও অবশ্য ম্যাচটিতে রূপকথার মতো প্রত্যাবর্তন করেছে ইন্টার মায়ামি। একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লুইস সুয়ারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে ৬-৪ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। তবে দলের এই বড় জয়ের আনন্দের মাঝেও ফুটবল বিশ্বের সব চোখ এখন লিওনেল মেসির ফিটনেস রিপোর্টের দিকে।