আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ছবি: বিসিসিআই
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচে নাটকীয় জয়ের দিনে দুঃসংবাদ পেল বেঙ্গালুরু শিবির। আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই জিম্বাবুইয়ান কোচকে।
গত রবিবার (১০ মে) মুম্বাইয়ের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় কোহলিরা। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আরসিবি ব্যাটিং করার সময় ১৭.২ ওভারে উত্তেজনার সৃষ্টি হয়। এএম গাজানফারের করা একটি বল ক্রুনাল পান্ডিয়া লং-অনের দিকে তুলে মারেন। সেখানে ফিল্ডার নমন ধীর অত্যন্ত চাতুর্যের সাথে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ ধরে বলটি তিলক ভার্মার দিকে ছুড়ে দেন।
প্রাথমিকভাবে আম্পায়াররা এটিকে ‘ছক্কা’ বলে সংকেত দেন। তাদের ধারণা ছিল, বল ধরার সময় নমন ধীরের পা বাউন্ডারি কুশনে স্পর্শ করেছে। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরার সময় তার পা সীমানা স্পর্শ করেনি। শেষ পর্যন্ত রান নিতে না পারা ক্রুনালের ওই শটটি ডট বল হিসেবে গণ্য করা হয়।
মাঠের এই আম্পায়ারিং সিদ্ধান্ত এবং নাটকীয়তা চলাকালীন ডাগআউটে থাকা কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মেজাজ হারান। তিনি চতুর্থ আম্পায়ারের কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিবাদ জানান এবং উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।
আইপিএল কর্তৃপক্ষের ভাষ্যমতে: ফ্লাওয়ার আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন, যা ম্যাচ চলাকালীন ‘অশালীন শব্দ ব্যবহার’ বা ‘দুর্ব্যবহার’ সম্পর্কিত। এটি লেভেল ১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ফ্লাওয়ার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।
আইপিএল নিয়ম কী বলে?
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় বা কোচ যদি লেভেল ১ পর্যায়ের আচরণবিধি লঙ্ঘন করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন, তবে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়ে না।
ম্যাচটিতে শেষ বলের নাটকে ২ উইকেটের দুর্দান্ত জয় পেলেও, ডাগআউটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আরসিবি শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। বর্তমানে ১৫ শতাংশ জরিমানা দিয়ে এই যাত্রায় পার পাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার।