ক্রীড়া ডেস্ক
ভালভের্দে এবং চুয়ামেনি দুজনেই তাদের আচরণের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। তারা ক্লাব, সতীর্থ এবং ভক্তদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন ছবি: সংগৃহীত
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অন্দরমহল এখন উত্তপ্ত। ড্রেসিংরুমে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে বড় অঙ্কের শাস্তির মুখে পড়েছেন দুই তারকা ফুটবলার ফেদেরিকো ভালভের্দে এবং অরিলিয়েঁ চুয়ামেনি। শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লাব কর্তৃপক্ষ এই দুই খেলোয়াড়কে ৫ লাখ ইউরো করে মোট ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) জরিমানা করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার অনুশীলনের সময় থেকেই এই দুই মিডফিল্ডারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। বৃহস্পতিবার সেই উত্তেজনা চরমে পৌঁছায়। ড্রেসিংরুমে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভালভের্দে মাথায় আঘাত পান এবং তার ক্ষতস্থানে সেলাইয়ের প্রয়োজন হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং ক্লাবের সংস্কৃতির পরিপন্থী। শুক্রবার ক্লাব কতৃপক্ষ উভয়ের সাথে বৈঠকে বসে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়:
"ভালভের্দে এবং চুয়ামেনি দুজনেই তাদের আচরণের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। তারা ক্লাব, সতীর্থ এবং ভক্তদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন।"
তবে বিষয়টিকে হালকাভাবে নেয়নি মাদ্রিদ বোর্ড। ক্লাবের শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে প্রত্যেককে ৫ লাখ ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে। তবে কোনো প্রকার ম্যাচ নিষেধাজ্ঞা বা স্পোর্টিং স্যাংশন দেওয়া হয়নি।
হাসপাতাল থেকে ফেরার পর ভালভের্দে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, প্রতিযোগিতার চাপ এবং হতাশা থেকে পরিস্থিতির অবনতি হয়েছিল। তিনি দাবি করেন, তর্কের সময় দুর্ঘটনাবশত একটি টেবিলের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন এবং চুয়ামেনি তাকে আঘাত করেননি।
অন্যদিকে, চুয়ামেনি তার বার্তায় বিষয়টিকে অনভিপ্রেত উল্লেখ করে বলেন, "যাই ঘটুক না কেন, শান্তভাবে সমস্যা সমাধান করা উচিত ছিল। আমি ক্লাবের দেওয়া জরিমানা মেনে নিচ্ছি এবং এখন আমাদের মূল লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া।"
এই ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ছে মাঠের খেলায়। মাথায় আঘাত পাওয়ার কারণে রোববার বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ 'এল ক্লাসিকো' ম্যাচে মাঠে নামতে পারছেন না ভালভের্দে। চিকিৎসকরা তাকে ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। লিগ টেবিলের যা অবস্থা, তাতে বার্সার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভালভের্দেকে না পাওয়া রিয়ালের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।