ধ্রুব স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রদর্শনের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বর্তমান সরকার। নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আসন্ন আইপিএল বাংলাদেশে সম্প্রচার করার ক্ষেত্রে এখন আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই।
এর আগে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল। সেই প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে জানিয়েছিলেন যে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে বর্তমান সরকারের অবস্থানে এখন বিষয়টি স্পষ্ট।
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জহির উদ্দিন স্বপন বলেন:
"আইপিএল সম্প্রচারের জন্য এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আবেদন করেনি। আমরা রাজনীতির সাথে খেলাধুলাকে মেলাতে চাই না। আমরা একে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করে, তবে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।"
স্টার স্পোর্টস আইপিএল দেখাতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, সরকার কাউকে বাধা দেবে না। স্টার স্পোর্টস চাইলে সম্প্রচার করতে পারে এবং দেশি কোনো চ্যানেল আগ্রহ দেখালে সরকার তাতেও সায় দেবে। তবে সরকার কাউকে বাধ্য করবে না।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু জানান, সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তারা স্টার স্পোর্টসের সম্প্রচার বন্ধ করবেন না। তিনি বলেন:
"আগের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার এখন আর কোনো কার্যকারিতা নেই। বর্তমান সরকার যদি আমাদের বন্ধ করতে বলে তবেই আমরা ব্যবস্থা নেব। যেহেতু এখন পর্যন্ত তেমন কোনো নির্দেশ আসেনি, তাই আইপিএল দেখাতে কোনো বাধা নেই।"
মূলত প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বিগত সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা বর্তমান সরকারের নতুন এই অবস্থানে বাতিল হয়ে গেল।
ধ্রুব/এস.আই