ধ্রুব নিউজ
দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব ছবি: সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে নাটকীয় লড়াইয়ের পর ম্যানচেস্টার সিটি কে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে হট ফেভারিট ম্যানচেস্টার সিটি ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে ৪১ মিনিটে সমতায় ফেরানহ্যালান্ড। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ে (৯০+৩’) আবারও গোল করে সিটির আশা ভঙ্গ করেন ভিনিসিয়ুস।
পরিসংখ্যান বলছে, বল দখলে কিছুটা এগিয়ে ছিল সিটি (৫৪%), শটও নিয়েছে বেশি (২১টি, অন টার্গেট ৭টি)। অন্যদিকে রিয়াল তুলনামূলক কম শট (১৬টি) নিয়েও অন টার্গেটে রেখেছে ৮টি, যা তাদের কার্যকারিতার প্রমাণ। পাস সংখ্যায় এগিয়ে ছিল রিয়াল (৫০৮), পাসিং নির্ভুলতাও ছিল ৯৩%।
ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে বার্নার্ডো সিলভার লাল কার্ডে, যা শেষ দিকে সিটির জন্য পরিস্থিতি আরও কঠিন করে তোলে। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও কার্যকারিতায় এগিয়ে থেকে জয় নিশ্চিত করে আলভারো আরবেলোয়ার দল।
এই জয়ে আবারও প্রমাণ হলো, ইউরোপের মঞ্চে রিয়াল মাদ্রিদের ডিএনএ আলাদা। কঠিন মাঠ, চাপের ম্যাচ সবকিছুকে পাশ কাটিয়ে শেষ হাসি হাসতে জানে তারা। এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হয় স্প্যানিশ পরাশক্তিরা।