স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি: সংগৃহীত
বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোই পেশাদার ফুটবলে নয়শোর বেশি গোল করেছেন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ৯৬৫। আর ৩৫টি গোল হলেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এদিকে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন নতুন মাইলফলক গড়ার ক্ষেত্রে সব সময়ই আলোচনায় থাকেন লিওনেল মেসি। অবিশ্বাস্য ক্যারিয়ারে তিনি আবারও আরেকটি বড় অর্জনের খুব কাছাকাছি- পেশাদার ফুটবলে তার ৯০০তম গোল।
আর সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তার পরে সর্বোচ্চ গোলসংখ্যা রয়েছে রবার্ট লেওয়ানডস্কির। যার গোলসংখ্যা ৬৯০। ফলে আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে খুব শিগগির অন্য কেউ ৯০০’র ক্লাবে যোগ দেবেন-এমন সম্ভাবনা খুবই কম।
আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা মেসি বর্তমানে জাতীয় দল আর্জেন্টিনা, সাবেক ক্লাব বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে মোট ৮৯৯টি গোল করেছেন। এমএলএসের নতুন মৌসুমে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলের পর তার গোলসংখ্যা দাঁড়ায় ৮৯৯- এ। কনকাকাফ গোল্ডকাপে ন্যাশভিলে এফসির বিপক্ষে কোনো গোল করতে পারেননি। ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে মেসিকে।
মেসির গোলযাত্রা শুরু হয় অনেক আগে, ২০০৫ সালের মে মাসে। তখন তিনি কিশোর বয়সে বার্সেলোনার হয়ে একটি লিগ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এবং আলবাসেতে দলের বিপক্ষে শেষ দুই মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেন। সেটিই ছিল পেশাদার ফুটবলে তার প্রথম গোল।
তখনই তার প্রতিভা নিয়ে অনেক আশা ছিল; কিন্তু ভবিষ্যতে তিনি এত অসাধারণ সাফল্য অর্জন করবেন- তা কেউ কল্পনাও করতে পারেনি। অথচ সেই ঘটনার ২১ বছর পরও তিনি গোল করে চলেছেন সমান গতিতে, এবং এখনও ঠিক কতদূর যেতে পারেন- তার সীমা যেন নির্ধারণ করা কঠিন।
এদিকে রোনালদোর লক্ষ্য পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোল ছোঁয়া। বর্তমানে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সেই লক্ষ্যের মাত্র ৩৫ গোল দূরে। কিন্তু মেসি যখন নয়শোর কাছাকাছি পৌঁছে গেছেন, তখন প্রশ্ন উঠছে- তিনি কি হাজার গোলের স্বপ্নও ছুঁতে পারবেন? আর রোনালদোর চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, ক্যারিয়ারের শেষে কি তার গোলসংখ্যা রোনালদোকেও ছাড়িয়ে যেতে পারে?