ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে গতিময় পেসার হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছিলেন নাহিদ রানা। ১৪০-১৪৫ কিলোমিটার গতির গোলা ছুড়ে প্রতিপক্ষ ব্যাটারদের দিশেহারা করা এই তরুণ তুর্কি দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে ফিরেই পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিলেন। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ।
টস জিতে কেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, নাহিদ রানা তার যথার্থতা প্রমাণ করলেন শুরু থেকেই। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা নাহিদের গতির তোপে দাঁড়াতেই পারেননি। মাত্র ৬৯ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। আর এই পাঁচটি উইকেটই একাই শিকার করেছেন নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার প্রথম ‘ফাইফার’ বা পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব।
নাহিদের শিকার হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে ছিলেন পাকিস্তানের দুই অভিষিক্ত সদস্য মা’জ সাদাকাত ও শামিল হুসাইন। তবে শুধু নবীনদের ওপরই নয়, নাহিদ রানা তার গতির ঝড় বইয়ে দিয়েছেন অভিজ্ঞদের ওপরও। তাঁর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
নাহিদ রানার এই রেকর্ডগড়া বোলিং পারফরম্যান্সে প্রথম ওয়ানডেতেই চালকের আসনে বসেছে বাংলাদেশ। গতির রাজত্ব কায়েম করে নাহিদ রানা এখন টাইগারদের বড় জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।