ধ্রুব ডেস্ক
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত
হেরে গেলেও বাংলাদেশ লড়াই করেছে বুক চিতিয়ে। নারী এশিয়ান কাপের মঞ্চে প্রথমবার খেলতে নেমে প্রবল শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হার বড় কিছু নয়। বাংলাদেশের সামনে এবার উত্তর কোরিয়া। কোচ পিটার বাটলার অবশ্য ভয় পাচ্ছেন না। বরং তার কাছে কোরিয়া বধের পরিকল্পনা সাজানো আছে।
উত্তর কোরিয়ার বিপক্ষে আগামীকাল শুক্রবার (৬ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বাটলার জানান, প্রতিপক্ষকে আটকাতে তার দলের একটি পরিকল্পনা সাজানো আছে।
বাটলার বলেন, 'আমাদের একটি গেম প্ল্যান আছে এবং আমার মনে হয় আমাদের পরিকল্পনাটি বেশ কার্যকর হবে। আই হ্যাভ আ প্ল্যান। দিনের শেষে আমরা শুধু বসে থেকে বিপক্ষ দলের আক্রমণ দেখব না। যদি আমরা গোল খাইও, সেটা হতেই পারে। কিন্তু আমি চাই আমাদের দল শুধু রক্ষণাত্মক না হয়ে সমানতালে খেলুক।'
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র্যাংকিংয়ের তাদের অবস্থান নবম। যেখানে বাংলাদেশ ১১২তম। এসব নিয়ে অবশ্য ভাবতে বয়েই গেছে বাটলারের। তিনি আবারও জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ যেমনই হোক, স্বভাবজাত ঢংয়েই খেলবে তার দল।
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।