ধ্রুব ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলার এক অদম্য মেধাবী তরুণ ওয়াকিমুল ইসলাম রিফাত। শারীরিক প্রতিবন্ধকতা যাকে দমাতে পারেনি, বরং নিজের সীমাবদ্ধতাকে জয় করার তাগিদ থেকেই তিনি উদ্ভাবন করেছেন এক অনন্য যান—‘এ টু আই স্মার্ট কার’। নিজের মেধা ও কঠোর পরিশ্রমে তৈরি এই ছোট যানে চড়ে রিফাত এবার জয় করে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে রিফাতের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় রিফাতের নিজের হাতে বানানো ব্যাটারিচালিত বিশেষ এই যানটি গভীর আগ্রহ নিয়ে দেখেন তিনি। শুধু দেখাই নয়, রিফাতের পাশে বসে সেই স্মার্ট কারে চড়ে ঘুরেও দেখেন প্রধানমন্ত্রী। ১৭ বছরের এই কিশোরের সৃজনশীলতা এবং দেশীয় প্রযুক্তি ব্যবহারের সাহস দেখে মুগ্ধ হন সরকারপ্রধান।
চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাতের এই উদ্ভাবনের গল্পটি হার না মানার। একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ হিসেবে একা চলাফেরা করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। দিনের পর দিন ঘরে বসে না থেকে তিনি চিন্তা করতে থাকেন কীভাবে নিজের চলাচলের পথ সহজ করা যায়। সেই চিন্তা থেকেই শুরু হয় এই স্মার্ট কার তৈরির কাজ। প্রায় ৪ থেকে ৫ মাসের নিরলস পরিশ্রমে তৈরি হয় রিফাতের স্বপ্নের বাহন। রিফাত জানান, যথাযথ সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি আরও উন্নতমানের স্মার্ট কার বানাতে সক্ষম, যা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি নয়, বয়স্কদের চলাচলেও বিপ্লব ঘটাতে পারে।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, পরিবেশবান্ধব এই গাড়িটি একবার বৈদ্যুতিক চার্জে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার। এটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্ষুদ্র উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং রিফাতকে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য গাড়ি তৈরির পরামর্শ দেন। এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রথম নজর কাড়ে রিফাতের এই ‘এআই কন্ট্রোলার সিস্টেম’ যুক্ত গাড়িটি। দিনমজুর বাবা আবু খায়েরের সন্তান রিফাত যখন জিলা স্কুল মাঠ থেকে নিজের তৈরি গাড়িতে চড়ে শহরের দড়াটানা কিংবা কোর্ট মোড় এলাকায় বের হন, তখন মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে তার অদম্য ইচ্ছাশক্তির দিকে।
প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।