কোটচাঁদপুর প্রতিনিধি
গ্রেপ্তার দুই আসামি ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোস্তফা মালিতা (৪০)। তিনি পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। অপরজন মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)। তিনি উপজেলার কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।
কোটচাঁদপুর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। মামলাটির জিআর নম্বর ১১৮/২৬। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারার উল্লেখ রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।