নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
ডেঙ্গু বিস্তারের উপযোগী পরিবেশ সৃষ্টির অপরাধে যশোরে দুই ভবন মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সামনের দুটি ভবনের ছাদে জমে থাকা বৃষ্টির পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় এই জরিমানা আদায় করা হয়।
তবে ভবন মালিকরা অভিযোগ করেছেন, মোবাইল কোর্ট কোনো আগাম সতর্কতা বা নোটিশ না দিয়েই মাত্রাতিরিক্ত জরিমানা করেছে, যা অনভিপ্রেত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেকর্ড রুমের ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। তারা প্রথমে জেনারেল হাসপাতালের সামনের একতা হাসপাতালের ছাদে গিয়ে ভাঙা কমোড, ডাবের খোসা ও জমে থাকা পানি দেখতে পান। এ অপরাধে ভবন মালিক শাহ সুফিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অসীম ডায়াগনস্টিক সেন্টারের ভবনের ছাদে অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ভবন মালিক আব্দুল্লাহ আল আমিন বাচ্চুকে আরও ৮০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ঘটনার পর ভবন মালিকরা জানান, বর্তমানে নিয়মিত বৃষ্টি হওয়ায় ছাদে সাময়িক পানি জমতেই পারে, যা আবার সরেও যায়। তাছাড়া ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে কোনো প্রচার-প্রচারণা বা সতর্কবার্তা দেওয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হঠাৎ ছাদে গিয়ে বিপুল অঙ্কের টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক পরিশোধের নির্দেশ দেন। সময় চাওয়া সত্ত্বেও সময় না দিয়ে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের হুমকি দেওয়া হয় বলে তারা দাবি করেন। পরবর্তীতে ধার-দেনা করে তাদের জরিমানার অর্থ পরিশোধ করতে হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।