নিজস্ব প্রতিনিধি
যশোর জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এবং ‘এলআইসি’ শাখার ধারাবাহিক তৎপরতায় গত মাসে বিপুল পরিমাণ হারানো মালামাল ও অর্থ উদ্ধার করা হয়েছে। জনগণের সেবা এবং অনলাইন কেন্দ্রিক অপরাধ দমনে নিরলস কাজের অংশ হিসেবে তারা এই সফলতা অর্জন করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে যশোর জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত মোট ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভুলবশত অন্যের নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করে ১১ জন ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়।
সাইবার অপরাধ দমনের পাশাপাশি কারিগরি সহায়তার মাধ্যমে নিরাপত্তা জোরদারেও কাজ করেছে এই সেল। এই সময়ে ১২টি হ্যাক হওয়া ইমো অ্যাকাউন্ট এবং ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে।
একই সাথে বিভিন্ন থানা পুলিশকে কারিগরি সহায়তা প্রদান করে নিখোঁজ ও ভিকটিম উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোট ৬ জন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং যেকোনো প্রয়োজনে নিকটস্থ থানায় বা সাইবার সেলে যোগাযোগের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।