নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ওয়েডিং টাচ’-এর স্বত্বাধিকারী আদিত্য অধিকারীকে ব্যবসায়ের মালামাল লুট ও পরিবারসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ১৬ জুলাই মাগুরার ‘শ্রাবণী ডেকোরেটর’-এর স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ মোবাইল ফোনে আদিত্য অধিকারীকে মাগুরায় কাজ করতে নিষেধ করেন। সে সময় আদিত্যকে ব্যবসায়িক মালামাল লুট, মাগুরায় প্রবেশে বাধা এবং পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। হুমকির অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আদিত্য যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বক্তারা অভিযোগ করেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে অভিযুক্ত মাসুম বিল্লাহ ব্যবসায়ী নেতা ইব্রাহিম হোসেন হীরা এবং রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
অভিযুক্ত মাসুম বিল্লাহকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা।
মানববন্ধনে সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা, ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু এবং ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনসহ তিন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।