বেনাপোল প্রতিনিধি
খলসী কানাই খালের বর্তমান অবস্থা সরেজমিন দেখছেন এমপি আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার পুটখালী অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের দুঃখ 'খলসী কানাই খাল' সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে নাব্যতা সংকটে ভোগা এই ঐতিহ্যবাহী খালটি পরিদর্শনে গিয়ে দ্রুত পুনঃখনন ও সংস্কারের আশ্বাস দিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে তিনি পুটখালী ইউনিয়নের এই খালের সার্বিক অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
স্থানীয় চাষি ও বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, বর্ষা মৌসুম আসলেই খালটি ভরাট থাকার কারণে পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। ফসলি জমি দিনের পর দিন পানির নিচে তলিয়ে থাকায় প্রতি বছরই লোকসানের মুখে পড়তে হচ্ছে স্থানীয় কৃষকদের। জনদুর্ভোগ ও কৃষি খাতের এই স্থবিরতা কাটিয়ে উঠতেই সংসদ সদস্য সরাসরি মাঠপর্যায়ে পরিদর্শনে যান এবং ভুক্তভোগী সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের অভাব-অভিযোগ শোনেন।
পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং কৃষিকে বাঁচানো আমাদের অগ্রাধিকার। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই খালের টেকসই সংস্কার কাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খালের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন হলে এলাকার অর্থনীতি ও কৃষিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।