নিজস্ব প্রতিবেদক
রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোর শহরকে যানজটমুক্ত করতে এবার অবৈধ পরিবহনের মূলে হাত দিচ্ছে প্রশাসন। এখন থেকে শুধু গাড়ির নিবন্ধনই নয়, ভ্যান-রিকশা চালাতে গেলে চালকেরও থাকতে হবে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স। চালকদের বিআরটিএ ও ট্রাফিক পুলিশের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও পৌরসভার নিবন্ধিত ৭ হাজার ৭০০ ভ্যান-রিকশার বাইরে থাকা সব অবৈধ যানবাহন বন্ধে কঠোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। আগামী ১ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স এবং পৌরসভার বৈধ অনুমোদন ছাড়া আর কোনো ভ্যান বা রিকশা চলতে পারবে না যশোর শহরে। তীব্র যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেয় কমিটি।
রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
সভায় যানজট নিরসনের বিষয়টি প্রধান আলোচনা হিসেবে উঠে আসে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “যশোর শহরের যানজটের অন্যতম কারণ অপ্রয়োজনীয় ও লাইসেন্সবিহীন ভ্যান-রিকশা। বর্তমানে পৌরসভার অনুমোদিত গাড়ির সংখ্যা প্রায় ৭ হাজার ৭০০টি। এখন থেকে পৌরসভার অনুমোদিত গাড়ির যেমন লাইসেন্স লাগবে, তেমনি চালকেরও ড্রাইভিং লাইসেন্স লাগবে। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়টি দ্রুত সময়ের মধ্যে মাইকিং করে জনস্বার্থে প্রচার করার জন্য স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসানকে নির্দেশনা দেন জেলা প্রশাসক। পাশাপাশি বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যারা যাচাই-বাছাই শেষে চালকদের ৭ থেকে ১০ দিনের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান করবে।
সভায় পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শহরে প্রবেশের প্রধান পয়েন্টগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণমাফিক গাড়ি প্রবেশ করানো হবে। কোন রুটে কোন সময়ে কোন ধরনের যানবাহন চলবে, তা সুনির্দিষ্ট করা হবে। এছাড়া ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং রাস্তার দুই পাশ অবৈধ দখলমুক্ত করতে অভিযান জোরদার করার কথা জানান তিনি।
স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান জানান, আগামী মাসের ১ তারিখ থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান শুরু হবে।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যানজট মুক্ত হলে শহরের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়াত, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ এবং র্যাবের এসপি রেজাউল হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।