নিজস্ব প্রতিবেদক
আজ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। শুরুতে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন সুরধুনী সংগীত নিকেতনের শিল্পীরা। পরে সহধর্মিনী মৌলুদা আলমসহ উপস্থিত অতিথিদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, “জীবনের শেষ সায়াহ্নে এসে জন্মদিন পালনের এই অনুষ্ঠানে অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। আমার কেবলই মনে হচ্ছে—এই মনিহার আমার নাহি সাজে।” তিনি আরও বলেন, “যারা বলে ৭১ হারিয়ে গেছে, তারা সেই দিনও ৭১ এর বিরুদ্ধে ছিল, আগামীতেও থাকবে।”
জন্মবার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক হারুন আর রশিদের সভাপতিত্বে শুভেচ্ছা পর্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এস এম মুজহারুল ইসলাম মন্টু, সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের পক্ষে সানোয়ার আলম খান দুলু।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের জীবনী পাঠ করেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক মিলন রহমান। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্ষদের সদস্য সচিব আনোয়ারুল করীম সোহেল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক সাজেদ রহমান।
অনুষ্ঠানে অর্ধশতাধিক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকারী দল ও সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— জেলা জাসদ, বাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যশোর ইনস্টিটিউট, যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ, চাঁদের হাট যশোর, ব্যঞ্জন থিয়েটার, বিবর্তন, উদীচী, জয়তী সোসাইটি, সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র পরিষদ, সম্মিলনী ৮৬, দ্যোতনা সাহিত্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, দৈনিক কল্যাণ পরিবার ও গ্রামের কাগজ পরিবার।