Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঈদে সড়কে ঝরল ২৩ প্রাণ: অর্ধেকের বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:২৪ এ এম
ঈদে সড়কে ঝরল ২৩ প্রাণ: অর্ধেকের বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি বড় অংশই ঈদের নামাজ শেষে প্রিয়জনদের সাথে আনন্দভ্রমণে বের হওয়া তরুণ ও কিশোর। এবারের ঈদ উদযাপনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে মোটরসাইকেল কেন্দ্রিক দুর্ঘটনায়। দেশের বিভিন্ন স্থানে শুধু মোটরসাইকেল সংক্রান্ত দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ১১ জন আরোহী, যা মোট নিহতের প্রায় অর্ধেক।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ৫
সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে, যেখানে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’ এর একটি বাস সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে গেলে মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের তিন যাত্রীসহ মোট পাঁচজন নিহত হন। এই ঘটনায় এক শিশু ও এক নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলার শয়ন ঢালী (২০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার খাদিজা খাতুন (৩৫) এবং মো. সোহাগের (৩৭) পরিচয় জানা গেছে।

ফরিদপুরে নিহত ৩
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক সাইফুল মোল্লা (২৫) এবং আল ইমরান শরীফ (২৮) নিহত হন। এছাড়া উপজেলার সুয়াদী গ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

যশোরে সাবেক সেনা সদস্য নিহত
যশোর সদর উপজেলার চুরমনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও গরু বোঝাই নসিমনের ত্রিমুখী সংঘর্ষে মজনুর রহমান (৪২) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুলাল (৪০) নামের আরও একজন গুরুতর আহত হন, যাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নিহত সাবেক সেনা সদস্য মজনুর রহমান ধ্রুব নিউজ-এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলামের ফুফাতো ভাই।

চট্টগ্রামে থ্রি-হুইলার সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে গভীর রাতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ও পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হাসান আলী প্রধান (২৬) এবং চালক সিদ্দিক আলী (৩৫) নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালীতে দুই কিশোর নিহত
পটুয়াখালীর গলাচিপা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় ঈদের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল হাওলাদার (১৬) ও তামিম মাতুব্বর (১৬) নামের দুই কিশোর বন্ধু নিহত হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ।

নরসিংদীতে নিহত ২
নরসিংদীর শিবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমান মিয়া (২৬) ও চান মিয়া (১৯) নামের দুই তরুণ নিহত হয়েছেন। শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা জানান, গত বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে একজন এবং বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজন মারা যান।

দিনাজপুরে দুই শিশু নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. আবদুল্লাহ (৪) ও আরিফা খাতুন (৪) নামের দুই শিশু নিহত হয়েছে এবং তাদের মায়েরা গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

মাদারীপুর ও নড়াইলে নিহত ২
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের চালক হঠাৎ ব্রেক কষলে বাসের সামনের ইঞ্জিনের কভারে বসে থাকা যাত্রী সাত্তার হাওলাদার (৫৫) ছিটকে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে মারা যান। অন্যদিকে নড়াইলের লোহাগড়ায় বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যশোর অভয়নগরের তরুণ সাব্বির গাজী (১৮) নিহত হয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)