ধ্রুব ডেস্ক
সাতক্ষীরার তালা এবং বরিশালের গৌরনদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে মঙ্গলবার (২৬ মে) মোটরসাইকেলের সাথে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানের সংঘর্ষে।
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে নাসিম আলী ফকির (৩২) এবং হাফিজুল ইসলাম ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (২৫)। তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, নাসিম আলী ফকির নিজের খামারের জন্য মাছ আনতে ভোরবেলা চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে চুকনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে তেঁতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে আঠারোমাইল এলাকা থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই চালক নাসিম আলী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাসিমের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত মেহেদী হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তালা থানার পুলিশ জানায়, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্য এক দুর্ঘটনায় ঈদযাত্রায় বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, চালক ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে তীব্র যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে তারা মোটরসাইকেলটি থামিয়ে রাখেন। ঠিক সেই সময় ‘তাজ আনন্দ পরিবহনের’ একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। গৌরনদী মহাসড়ক থানার ওসি মোহসিন হোসেন জানান, ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার সুযোগ নিয়ে বাসের চালক ও সহযোগী কৌশলে পালিয়ে গেছে। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কের যানজট নিরসন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।