নিজস্ব প্রতিবেদন
উল্টে পড়ে আছে মিনি পিকআপ ছবি: ধ্রুব নিউজ
যশোরে একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মিনি পিকআপ ও ইজিবাইকের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ মে) ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর মান্দারতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে সাফিন (৩২), যশোরের কোতোয়ালি থানার উপশহর বি-ব্লকের মৃত নুর ইসলামের ছেলে রায়হান (৪০) এবং একই থানার কিসমত নওয়াপাড়া গ্রামের মহাসিন মোল্লার ছেলে ইয়াছিন (২০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাতে বাহাদুরপুর মান্দারতলা এলাকায় একটি মিনি পিকআপ ও একটি ইজিবাইক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক সজোরে গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও ইজিবাইকে থাকা ওই তিন ব্যক্তি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।