কোটচাঁদপুর প্রতিনিধি
পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিন মাদকসেবী ও আওয়ামী লীগে এক নেতা আটক ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে গ্রেপ্তারের পর প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর বাজারপাড়ার তাজিম উদ্দিনের ছেলে মো. ইসরাইল হোসেন (৪০), সিনেমাহলপাড়ার ইউনুচ আলীর ছেলে মো. সোহান (৩৩) এবং বড়বামনদহ গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাকিব হাসান (২৫)।
পরে তাদের ডোপ টেস্টে মাদক গ্রহণের ইতিবাচক ফল পাওয়া যায়। এরপর সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলের ১৬ ও ২১ অনুযায়ী প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, ২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বনবিভাগপাড়ার মৃত জহির উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার তদন্তে জাকির হোসেনের নাম উঠে আসে। মামলাটির জিআর নম্বর ১১৮/২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর যাচাইয়ে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।