অভয়নগর (যশোর) সংবাদদাতা
ছবি: প্রতীকী
অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৭টার দিকে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। আটকের পর পুলিশ তার হাতে হাতকড়া পরালে সুযোগ বুঝে ওই যুবক হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে।
তবে হাতকড়াসহ পালানোর বিষয়টি অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী এসআই মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি এবং হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনাই ঘটেনি। অন্যদিকে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধ্রুব/এস.আই