নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এই মানববন্ধনে রেড ক্রিসেন্টের কয়েকশ স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
মানববন্ধনে বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোনো মানবিক সংকটে স্বেচ্ছাসেবীরা নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়ান। এই সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট ইসহাক, কোষাধ্যক্ষ চিন্ময় সাহা প্রমুখ।