ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার বাকশপোল গ্রামের বাসিন্দা এবং হাফিজুর রহমানের পুত্র। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (০২ মে ) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান বাবু মোটরসাইকেলযোগে সিদ্দিক মোড় বাজার থেকে বাকশপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি মাথায় হেলমেট পরিহিত ছিলেন না। পথিমধ্যে চান্দারগেড়ের মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
দুর্ঘটনার সময় আশপাশের পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়,তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ধ্রুব/এস.আই