চৌগাছা (যশোর) প্রতিনিধি
‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ৫০টি অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে ৫০টি অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত প্রচেষ্টা প্রশংসনীয়। পর্যায়ক্রমে চৌগাছা উপজেলার প্রতিটি গ্রামে এ ধরনের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ, এবিসিডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সিংহঝুলী আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে ৫০টি পরিবারের মাঝে টিউবওয়েলসহ তা বসানোর যাবতীয় সরঞ্জামাদি হস্তান্তর করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।