Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোরে শৃঙ্খল পরিবেশে হাম-রুবেলার টিকাদান

দু’দিনে টিকা পেল ৪ হাজার ৭৬ শিশু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৩:১৬ পিএম
দু’দিনে টিকা পেল ৪ হাজার ৭৬ শিশু

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন। ছবি: ধ্রুব নিউজ

খুলনা বিভাগে হাম সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত যশোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। কর্মসূচির দ্বিতীয় দিনেই মোট ৪ হাজার ৭৬ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকেই যশোর পৌরসভা, সদর হাসপাতালসহ বিভিন্ন টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় সুশৃঙ্খল পরিবেশে দ্রুতগতিতে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া পৌরসভা এলাকাতেও নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে।

টিকাকেন্দ্রে আসা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অল্প সময়ে শিশুদের টিকা দিতে পেরে সন্তুষ্ট। অনেকেই সরকারের সময়োপযোগী উদ্যোগ এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দক্ষতার প্রশংসা করেছেন।

অভিভাবক সাইমা রহমান বলেন, “আমার একমাত্র সন্তানকে হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে টিকা দিতে এনেছি। টিকা দেওয়ার সময় একটু কান্না করলেও এখন সে ভালো আছে।”

অপর অভিভাবক সালমা বলেন, “সরকারকে ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশে দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পেরেছি। কোনো ভোগান্তি হয়নি।”

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ৪ হাজার ৭৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, “হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিভাগ আশাবাদ ব্যক্ত করেছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যশোরে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে এবং শিশুদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)