Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তাপে পুড়ছে দেশের ২৭ জেলা: কালও থাকবে গরমের দাপট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩ এপ্রিল,২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল,২০২৬, ০৭:৫৪ পিএম
তাপে পুড়ছে দেশের ২৭ জেলা: কালও থাকবে গরমের দাপট

বাড়ছে তাপ, গরমে শুরু হয়েছে অস্বস্তি ছবি: সংগৃহীত

চৈত্রের শেষলগ্নে এসে তীব্র খরতাপে পুড়ছে দেশ। যশোরাঞ্চলসহ দেশের অন্তত ২৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই এখন বইছে গরম হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তপ্ত পরিস্থিতি আগামীকাল শনিবারও অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরাঞ্চলের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এদিকে আজ রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পিছিয়ে নেই ঢাকাও; রাজধানীতে আজ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। আজ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে,  বর্তমানে রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলা এবং ঢাকাসহ আরও ৯টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বাদে অন্য জেলাগুলো হলো— ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।

তাপে দগ্ধ দেশবাসীর জন্য কিছুটা স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, "আগামীকাল শনিবারও তাপপ্রবাহ থাকতে পারে। তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রার দাপট কমতে পারে।"

ততক্ষণ পর্যন্ত এই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে বেশি করে পানি পান ও সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 এমন পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা অথবা মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। পাশাপাশি ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আজ শুক্রবার দুপুরে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭° সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা ও রোদের তীব্রতার কারণে তা অনুভূত হচ্ছে প্রায় ৩৯° সেলসিয়াসের মতো। গুগল ওয়েদার এ তথ্য দিয়েছে। 

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসে যশোরে তাপমাত্রার পারদ আরও চড়ার আশঙ্কা রয়েছে। এ মাসে ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আজ আকাশ প্রধানত রোদোজ্জ্বল থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা ঘণ্টায় ৮ মাইল বেগের বাতাসও স্বস্তি দিতে পারছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের তাপমাত্রা ২৬° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনো লক্ষণ না থাকায় গরমের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া মাসের শেষভাগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ও দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর শঙ্কার কথা আগেই জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)