ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে 'ঈদ পুনর্মিলনী-২০২৬' অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
যশোরের দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার বুকভরা বাওড় সংলগ্ন পিকনিক কর্নারে শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে 'ঈদ পুনর্মিলনী-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই আনন্দঘন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাওড়ে নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা এবং প্রীতিভোজ।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।”
ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এ ধরনের আয়োজন প্রয়োজন। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক ও অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এই মিলনমেলা নতুন প্রেরণা জোগাবে।