বাঁকড়া প্রতিনিধি
কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিলে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সংবর্ধনা দেওয়া হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, তারা যে দলের বা যে ধর্মেরই হোন না কেন—সবাই আমার কাছে সমান মর্যাদা পাবেন। আমি ঝিকরগাছা ও চৌগাছাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হক-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমান-এর সঞ্চালনায় মাহফিলে এমপি ডা. ফরিদকে ইউনিয়ন জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ এবং কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নুল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি তমেজ উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, মজলিসে সূরার অন্যতম সদস্য গোলাম মোস্তফা, জুলাই-২৪ আন্দোলনের শহীদ জাবিরের পিতা নওশের আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদার ও নুরুজ্জামান, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান ও সেক্রেটারি জামসেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আসাদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলামীন, শ্রমিক কল্যাণের সভাপতি মো. জিয়াউর রহমান এবং ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।