শার্শা প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে দই ও ঘিয়ে ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগে ‘নাভারন ডেয়ারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নাভারন বাজার এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আতিউর রহমানের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে দই ও ঘি পরীক্ষা করে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যায়। বিশেষ করে দইয়ের রং আকর্ষণীয় করতে নিষিদ্ধ কৃত্রিম রং মেশানোর প্রমাণ পান কর্মকর্তারা। এছাড়া বিক্রির জন্য মজুদ রাখা ঘিতে বিএসটিআই-এর কোনো অনুমোদন ছিল না, যা ভোক্তা অধিকার আইনের সরাসরি লঙ্ঘন।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তিনি জানান, জনস্বাস্থ্য বিবেচনায় ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালীন আদালতকে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শার্শার প্রতিটি বাজারে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি বাজারের অন্য ব্যবসায়ীদেরও মানসম্মত ও অনুমোদিত পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।