ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুব নিউজ
ব্যক্তিগত লাভের ঊর্ধ্বে উঠে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতনের পুরো টাকা তিনি ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বৃদ্ধিতে দান করার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন।
দীর্ঘ ১৮ মাস পর অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যার পাহাড় তুলে ধরেন সংশ্লিষ্টরা। বক্তারা জানান, প্রায় ৪ লাখ মানুষের বিপরীতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা রয়েছে মাত্র ৫০টি। এছাড়া এক্স-রে মেশিন ও ল্যাব সার্ভিসের সীমাবদ্ধতা, সিজারিয়ান সেকশন বন্ধ থাকা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীনতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বিশেষ করে ১৫ জন পরিচ্ছন্নতা কর্মীর বিপরীতে মাত্র ৩ জন কর্মরত থাকায় হাসপাতালের পরিবেশ রক্ষা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন বিভাগে মোট ৭১টি পদ শূন্য রয়েছে বলেও সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ডা. ফরিদ বলেন, সংসদ সদস্য হিসেবে আমি যে প্রায় ৫৫ হাজার টাকা বেতন পাব, তা এই দুই উপজেলার মানুষের চিকিৎসাসেবার উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আরও বলেন, জনবল সংকট সমাধানে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনকে স্বেচ্ছাসেবক দেওয়ার আহ্বান জানানো হবে এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ চালু করা হবে। এছাড়া চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. রনি খাতুন জানান, পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের জন্য জেনারেটরের তেল, পরিচ্ছন্নতা কর্মী এবং এক্স-রে ফিল্মের ব্যবস্থা করা হবে। সভায় বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম বলেন, হাসপাতালে সেবা নিতে আসা বয়স্ক রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘবে তিনি নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত টুল ও বেঞ্চের ব্যবস্থা করবেন।
সভায় বিদ্যমান সমস্যা ও সমাধানের পথ নিয়ে আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো, আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হাসান, ওসি (তদন্ত) আবু সাইদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, মেডিকেল অফিসার এম সি এইচ ডা. শিহাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, এনজিও প্রতিনিধি ডা. ইমদাদুল হক ও আবুল কালাম আজাদ প্রমুখ।