নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় শওকত মুন্সি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে উপজেলার পলিরহাট ও কদমতলার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রুহুল আমিন ও আহত শওকত মুন্সি সম্পর্কে চাচাতো শ্যালক-দুলাভাই। প্রয়োজনীয় কাজ শেষ করে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পলিরহাট ও কদমতলার মাঝামাঝি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় রুহুল আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং শওকত মুন্সি গুরুতরভাবে জখম হন।
নিহত রুহুল আমিন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। অন্যদিকে আহত শওকত মুন্সি মাগুরা জেলার শালিখা উপজেলার চৈত্রবাড়িয়া গ্রামের ইছাহাক মুন্সির ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত শওকত মুন্সিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেন।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে পাঠান পাইকপাড়া গ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।