চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ১নং ফুলসারা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সলুয়া পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তাকে এই বরণ করে নেওয়া হয়।
১নং ফুলসারা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, উপজেলা জামায়াতের ক্যাশিয়ার মাস্টার ইমদাদুল হক, অফিস সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার মাওলানা শামসুর রহমান এবং পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ বলেন, "চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।" এসময় তিনি দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলকে সংযমের শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফুলসারা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এক সুন্দর ও মনোরম পরিবেশে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।