❒ ক্লিনিক সিলগালা, ২ লাখ টাকা জরিমানা আদায়
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
বাঁকড়া বাজারের পাঁচ রাস্তা মোড় ব্রিজ রোড সংলগ্ন নাম সর্বস্ব ওই ক্লিনিক “বাঁকড়া মেডিকেল সার্ভিসেস”। ছবি: ধ্রুব নিউজ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’এ সিজারিয়ান অপারেশনের পর সাবিকুন্নাহার (৩১) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। বাঁকড়া বাজারের পাঁচ রাস্তা মোড় ব্রিজ রোড সংলগ্ন নাম সর্বস্ব ওই ক্লিনিকে এ ঘটনায় নিহতের স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন।
মৃত্যু সাবিকুন্নাহার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন জানান, গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’র চিকিৎসক ডা. পল্লবী সাহার মাধ্যমে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য ১৫ হাজার টাকায় চুক্তি হয়। এ সময় তিনি নগদ ১৫ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। অপারেশনের পরপরই তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি মারা যান। এ মৃত্যুর জন্য তিনি ভুল চিকিৎসাকে দায়ী করেন।
এদিকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ওই ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।