ধ্রুব ডেস্ক
সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন। বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে।
তাদের মৃত্যুর খবর নিহত মিজানের বাবা শহীদুল্লা ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত প্রায় তিনটার দিকে ওমরাহ পালন শেষে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সৌদি আরবে অবস্থানরত তাদের মামাতো ভাই রিফাতুল ইসলামের মাধ্যমে দুর্ঘটনার খবরটি তারা জানতে পারেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা জেনেছেন। মরদেহ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।