বেনাপোল (যশোর)প্রতিনিধি
বেনপোল আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনাল ছবি: ধ্রুব নিউজ
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ২৪ ঘণ্টার জন্য যাত্রী পারাপার বন্ধ হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এই রুট দিয়ে সকল ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯৪৭ সালে এই পথে যাতায়াত শুরু হওয়ার পর কিংবা ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে আজ অবধি কোনো বড় দুর্যোগ বা মহামারিতেও যা কখনো ঘটেনি, তা-ই বাস্তব হতে যাচ্ছে এবার। এমনকি ভয়াবহ করোনা সংকটের সময়েও যেখানে যাত্রী পারাপার সচল ছিল, সেখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবার নজিরবিহীন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন স্পষ্ট জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিন বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী চলাচল করতে পারবেন না। এমনকি অন্যান্য সময়ে জরুরি বা মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হতো, এবার সেই সুযোগও থাকছে না। শুক্রবার সকাল ৬টার পর পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি জানান। একই নির্দেশনার কথা জানিয়ে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ প্রয়োজনে বন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখার দাপ্তরিক চিঠি তারা ইতিমধ্যে হাতে পেয়েছেন।