বেনাপোল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোরের নির্বাচনী ময়দান। এরই ধারাবাহিকতায় যশোর–১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শার্শা–বেনাপোল এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত এই মিছিলে হাজারো মানুষের ঢল নামে। রবিবার আসরের নামাজের পর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিতে দুপুর থেকেই বেনাপোল পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ট্রাক, মোটর সাইকেল ও পায়ে হেঁটে জমায়েত হতে থাকেন।
আয়োজকদের দাবি অনুযায়ী, প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি যখন বেনাপোল বাজার অতিক্রম করছিল, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাত নেড়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান। এ সময় 'নারায়ে তাকবীর – আল্লাহু আকবার' ধ্বনি এবং জামায়াতের নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা'র সমর্থনে স্লোগানে পুরো সীমান্ত শহর উৎসবমুখর হয়ে ওঠে। মাওলানা আজিজুর রহমানের সাথে মিছিলে সামনের সারিতে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির মো. রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর জামায়াতের আমির মাওলানা রিয়াছত আলীসহ মাওলানা ইলিয়াস হোসেন ও মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আজকের এই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে শার্শা অঞ্চলের মানুষ আর শোষণ নয়, বরং পরিবর্তন, ন্যায়বিচার এবং সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ। শার্শাবাসী আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। তারা আরও দাবি করেন, এই নির্বাচনী প্রচারণা শার্শার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং আগামী দিনে মাঠ পর্যায়ে জামায়াতের অবস্থান আরও শক্তিশালী হবে। নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে বেনাপোল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন হয়। এই মিছিলের ফলে শার্শা-বেনাপোল এলাকার সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।