শার্শা(যশোর) প্রতিনিধি
শার্শা দাাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী জনসভা ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় ১১ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের ব্যস্ততম শার্শা বাজারে এই পথসভাটি অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, শার্শা উপজেলাকে দীর্ঘদিনের দুর্নীতি, দখলদারিত্ব এবং অন্যায়ের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা এই জনপদকে একটি আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য অর্জনে আসন্ন নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই। তিনি আরও যোগ করেন, জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। তিনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তাঁর পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরেন।
পথসভাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা মোরাদ উদদৌলা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, শার্শা উপজেলা জামায়াতের নির্বাচনী আসনের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।